সিংড়া (নাটোর) প্রতিনিধি: মোঃ কাবিল উদ্দিন কাফি
রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন–২০২৬-এ ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেয়েছেন নাটোরের সিংড়া প্রেস ক্লাবের সভাপতি, রানা প্রকাশনীর প্রকাশক ও রানানগর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত শনিবার দিনব্যাপী রংপুর শিল্পকলা একাডেমিতে বজলুর রহমান গ্রন্থাগারের আয়োজনে এ পাঠক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাহিত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রংপুর বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং দিনাজপুরের বিশিষ্ট কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসসহ রংপুরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মেলনে বক্তারা পাঠাভ্যাস বিস্তার, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মনে করেন, এ ধরনের আয়োজন পাঠকসমাজকে সংগঠিত করার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা সিংড়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি রানা প্রকাশনী ও রানানগর পাঠাগারের মাধ্যমে বই প্রকাশ, সাহিত্যচর্চা এবং পাঠাভ্যাস গড়ে তোলার কার্যক্রমে যুক্ত রয়েছেন।
তাঁর এ অর্জনে সিংড়ার সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও পাঠকসমাজের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর এ স্বীকৃতি আগামী দিনে আরও মানুষকে বই পড়া ও গ্রন্থাগারমুখী হতে অনুপ্রাণিত করবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply