মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল ৩টায় ৬ নম্বর হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার এবং ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী, সাবিনা ইয়াসমিন, রওশনারা ও রহিমা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে বিচারিক সেবা নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার পেতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তাঁরা আরও বলেন, স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের আইনসম্মত কার্যক্রম সম্পর্কে মানুষকে জানাতে হবে। উপযুক্ত বিরোধের ক্ষেত্রে গ্রাম আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা গেলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। পাশাপাশি উচ্চ আদালতে মামলার চাপ কমাতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply