
নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
বেনাপোল, যশোর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্দর এলাকায় এসে শেষ হয়। বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী কিংবা স্বৈরাচারের দোসররা যাতে শ্রমিকদের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, জ্বালাও-পোড়াও বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, বেনাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্দরের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী অনুপ্রবেশের চেষ্টা করলে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের স্বার্থ, কর্মপরিবেশ ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
নেতারা আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বেনাপোলের রাজপথ। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রমিকেরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
স্থান: বেনাপোল, যশোর
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply