নিজস্ব প্রতিবেদক: দেওয়ান মনিজা বেগম
কক্সবাজারের ঈদগাঁও বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি অভিযানিক দল জানতে পারে, পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদ্রাসাসংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে অবস্থান নেয়। সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর একপর্যায়ে পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply