বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সদস্যসচিব মো. ইউছুপ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য হাজী মুছা, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন আরব খান, পৌরসভা যুবদল নেতা জাহাঙ্গীর সোলতান আহমদ জিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মোস্তাক আহমদ খানকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মোস্তাক আহমদ খান বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই প্রতিবেশী ও সন্তান। আপনাদের কাছের মানুষ হয়েই থাকতে চাই। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপস্থিত নেতৃবৃন্দও সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply