1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 1:50 am

আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে হত্যা: লালমাই পাহাড়ে মিলল মরদেহ

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 27 Time View

জীবন দেওয়ান উজ্জ্বল: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) আর নেই। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। তার সঙ্গে ছিল মায়ের ব্যবহৃত আইফোন। এরপর বিকেল গড়িয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহে মাথায় আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে আটক করে। পুলিশ বলছে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের অগ্রগতিতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হারিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অপ্রতিমের সঙ্গে তুহিন নামের এক কিশোরকে দেখা যায়। পরবর্তী অনুসন্ধানে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করা হয়।

এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

একটি মায়ের একমাত্র সন্তানকে হারানোর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। অপ্রতিমের মা ড. নাহিদা বেগমের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

অপ্রতিমের পরিবার ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মহান আল্লাহ অপ্রতিমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com