
মিসেস চামেলী আক্তার প্রিয়া: নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে শাকির রানা (৩০) এবং শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর ছবি নিয়ে অভিযোগ
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে তাকে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি তরুণীর পরিবার জানতে পারে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। এরই অংশ হিসেবে সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান। এ সময় তার ছবি তুলে নিয়ে আসেন তারা।
অভিযোগ রয়েছে, পরে ওই ছবিগুলো অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ও তার পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
থানায় মামলা, গ্রেপ্তার তিন
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুজন মিয়া, শাকির রানা ও মাহিমা ইসলাম শাম্মীকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, তরুণীর ছবি অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর ৭।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply