
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আবারও তীব্র লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিনে রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন পুরো উপজেলার মানুষ। অসহনীয় গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কোথাও আধা ঘণ্টা, কোথাও এক-দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না, ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে এবং বিদ্যুৎনির্ভর কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও কেন বারবার এমন দুর্ভোগ পোহাতে হবে? যখন জনগণ নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রত্যাশা করছে, তখন ঘন ঘন লোডশেডিং তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।
নাগরপুরে এর আগেও বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, সরবরাহ ঘাটতির কারণেই লোডশেডিং হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে নাগরপুরবাসীর দাবি, শুধু আশ্বাস নয় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং জনমনে ক্ষোভ তীব্রতর হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, বিদ্যুতের এই সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নাগরপুরে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply