
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মানবিক মানুষদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত তরুণ মোঃ খাত্তাব হোসেন।
তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কারও একার সমস্যা নয়; এটি আমাদের সবার মানবিক দায়িত্বের পরীক্ষা। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। একটি শুকনো খাবারের প্যাকেট, বিশুদ্ধ পানির বোতল কিংবা একটি পরিবারের জন্য প্রয়োজনীয় ওষুধও হতে পারে তাদের জন্য বড় সহায়তা।”
তিনি আরও বলেন, দুর্যোগের এই সময়ে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হতে পারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
মোঃ খাত্তাব হোসেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার হাত বাড়িয়ে দিই। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে যার যার অবস্থান থেকে সহযোগিতা করি। মানুষ মানুষের জন্য—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত মানবিক উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply