
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোট ১১ বোতল স্কফ সিরাপ, ৭ বোতল বিদেশি মদ এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ও সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আটপাইড়া পুকুরের উত্তর পাড় এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার (৪৮) বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত লাল মিয়ার ছেলে।
এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টার দিকে এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে পুলিশের আরেকটি দল বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী (ভূঁইয়া বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে খোকন ভূঁইয়ার (৫১) বসতঘরের পেছনের একটি লিচু বাগান এবং বাড়ির উঠান থেকে ৬ বোতল স্কফ সিরাপ, ৭ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত হান্নান ভূঁইয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply