
নিজস্ব প্রতিবেদক, ই.ক.ম.জে.ডি. উজ্জ্বল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়ুভাগ গ্রামে কলেজছাত্র সুমন শেখ (২৪) হত্যাকাণ্ডের ১২ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, মূল অভিযুক্ত প্রকাশ্যে চলাফেরা করলেও তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও তাদের দাবি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন সন্ধ্যায় মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কাশিয়ানীর উদ্দেশ্যে যাওয়ার পথে বুড়ুভাগ গ্রামের উকিল শেখের বাড়ির সামনে হামলার শিকার হন সুমন শেখ। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদক কারবারি হোসাইন শেখ ও তার সহযোগীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই শামীম শেখ বাদী হয়ে হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নিহতের মা শেখালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বুকের মানিককে ওরা কেড়ে নিয়েছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।”
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মামলার বাদী ও নিহতের পরিবারের ওপর মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নিহত সুমন শেখ গোপালগঞ্জের কাশিয়ানী এম. এ. খালেক ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। কিন্তু পরীক্ষার হলে বসার আগেই নির্মম হত্যাকাণ্ডে তার জীবনাবসান ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। নিহতের পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান অভিযুক্তসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply