
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধ লোকজনের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা চালানো হয়। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নড়াইলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর এলাকায় নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং হত্যাকাণ্ড ও পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply