
নিজস্ব প্রতিবেদক মোঃ নিষাদ আহম্মেদ বিদ্যা
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামে পূর্বশত্রুতার জেরে একটি মাছের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষি সেলিম আহমেদ (৬০) বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের প্রায় ৪০ শতাংশ জমির ওপর গড়ে ওঠা মাছের প্রজেক্টে কীটনাশক প্রয়োগ করে। এতে শুক্রবার সকালে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। ওই ফিসারিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। মাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক।
দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা মাছের প্রজেক্টে এমন ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন মাছচাষি সেলিম আহমেদ। তিনি বলেন, বিগত ৫-৬ বছর ধরে নিজের অর্থ, ঘাম ও শ্রম দিয়ে এই মাছের প্রজেক্ট গড়ে তুলেছেন। এটিই ছিল তাঁর স্বপ্ন ও জীবিকার অন্যতম অবলম্বন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাতেও পুকুরে মাছের খাবার দিয়েছি। তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে এসে দেখি পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এই দৃশ্য আমি কীভাবে সহ্য করব? পূর্বশত্রুতার জেরেই আমার সঙ্গে এমন অন্যায় করা হয়েছে বলে আমার ধারণা। আমি প্রশাসন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার চাই।”
এদিকে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগের অভিযোগ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকেই স্থানীয় লোকজন পুকুরপাড়ে ভিড় করেন। পানিতে মরে ভেসে ওঠা মাছ দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগেও একাধিকবার বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা এবং বিভিন্ন বাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো জরুরি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মাছের প্রজেক্টে বিষ প্রয়োগের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে।
দীর্ঘ পাঁচ-ছয় বছরের পরিশ্রমে গড়ে তোলা মাছের খামার এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সেলিম আহমেদ। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত মাছচাষি হিসেবে তিনি যেন ন্যায়বিচার পান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply