
সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে ভিজে যাচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম ও জনপদ। বৃষ্টিতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ, বৃষ্টি নামলেই অনেকের থমকে যায় রোজগারের চাকা। এক দিনের কাজ বন্ধ থাকা মানেই তাঁদের কাছে এক দিনের আয় হারানো।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, ইজিবাইকচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ।
কংশনগর বাজারে বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন জড়িয়ে ভ্যানগাড়িতে তেলের ড্রাম টানতে দেখা যায় ভ্যানচালক মো. নজিরকে। বৃষ্টিতে ভেজা মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, “প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ ঘর থেকে বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে মাত্র একটি ভাড়া পেয়েছি। আয় বলতে তেমন কিছুই হয়নি। সংসারের প্রয়োজনে তাই বৃষ্টিতে ভিজেই ভাড়া মারছি।”
একই ধরনের দুর্ভোগের কথা জানালেন ইজিবাইকচালক দেলোয়ার হোসেন। তিনি বলেন, “বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুবই কষ্টকর। কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই বৃষ্টিতে ভিজেই গাড়ি নিয়ে বের হয়েছি। তবে যাত্রী কম থাকায় আয়ও অনেক কম হচ্ছে।”
নির্মাণশ্রমিক রাসেল বলেন, “আমাদের মতো দিনমজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবার নিয়ে দুশ্চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ রাখতে হয়। তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।”
শুধু শ্রমজীবী মানুষই নন, টানা বৃষ্টিতে বুড়িচংয়ের বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়কেও পানি জমেছে। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কাদা ও জমে থাকা পানির কারণে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে। তাঁদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়, বৃষ্টি মানে অনেক সময় এক দিনের উপার্জন হারানোর শঙ্কা।
মাথার ওপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে ভেজা পথ—সব প্রতিকূলতা উপেক্ষা করেই সংসারের চাকা সচল রাখতে ছুটে চলেছেন তাঁরা। কারণ, তাঁদের জীবন থেমে থাকার সুযোগ নেই; জীবিকার তাগিদে প্রতিদিনই তাঁদের লড়তে হয় প্রকৃতি ও বাস্তবতার সঙ্গে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply