
মোঃ হারুন অর রশিদ উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৩) অপহরণ করে নির্জন পাহাড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মোসাম্মৎ আনোয়ারা বেগম বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— ১. মো. জোবাইর (২০) (টমটম চালক), পিতা- জয়নাল আবেদীন এবং ২. বশর (২৪), পিতা- আজিম উদ্দিন। উভয়ের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পালংখালী এলাকায়। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৬ইং দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী ছাত্রীটি পালংখালী খাদিজাতুল কোবরা (রঃ) দাখিল বালিকা মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী তার নিজ বাড়ি থেকে পালংখালী বাজার পেট্রোল পাম্পের পাশের নানাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পশ্চিম পালংখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন ব্রিজের কাছ থেকে সে ১নং আসামির চালিত মিনি টমটমে ওঠে।
টমটমটি কিছুদূর যাওয়ার পর গাড়িতে থাকা এক অজ্ঞাতনামা নারী যাত্রী নেমে গেলে ২নং আসামি বশর সামনের সিট থেকে পেছনের সিটে এসে ছাত্রীকে উত্যক্ত করতে শুরু করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। ছাত্রীটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আসামিরা তাকে সঠিক গন্তব্যে না নিয়ে পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পালংখালীর (চেয়ারম্যানের গোদার পাশে) একটি নির্জন পাহাড়ি এলাকার তালাবদ্ধ খালি ঘরের ভেতরে জোরপূর্বক নিয়ে যায়। সেখানে ২নং আসামি তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির ভীতিহীন শোরচিৎকারে স্থানীয় সাক্ষীগণ ঘটনাস্থলে ছুটে এলে আসামিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক সাক্ষীর সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এসংক্রান্ত একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply