
মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, রাজাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সাদিয়া, পীরযাত্রাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মুন্সী এবং ইউনিয়ন কর্মী আওলাদ হোসেন, নাছরিন আক্তার ও আলো রানী নন্দী।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সাতটি ক্যাটাগরিতে সাতজন শ্রেষ্ঠ কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply