নিজস্ব প্রতিবেদক: মোঃ সোহেল রানা
রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি জানান, এ রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বিবরণ
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন আসামি লিমন। এ সময় তিনি বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply