ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়জনকে মোট ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ ইয়াসিন আলী
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক অভিযানে ছয়জনকে মোট ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় পাঁচজন চালককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের ছেলে মিলন (৩২) এবং বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আজাহার আলী (৩৫)। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখের ছেলে মতি (২১)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং কাজিপুরের সাতকয়া গ্রামের দুলু তরফদারের ছেলে মিল্টন (৩৫)কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার গাড়াবেড় গ্রামের মজিবরের ছেলে হাসান আলী (৩৪)কে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply