নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক আইনজীবী দম্পতি এবং অপর এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অ্যাডভোকেট আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, তাঁর স্ত্রী মোছা. ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং মো. শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের কুড়িগ্রাম সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply