
বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় কারখানার ইউনিট-২-এর ওয়েস্ট পেপার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে কারখানাটি রক্ষা পায়।
কারখানার অ্যাডমিন ম্যানেজার আশরাফুল মওলা জানান, শ্রমিকদের কাছ থেকে ইউনিট-২-এর পশ্চিম পাশে গোডাউনে ধোঁয়া দেখা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের সাব-অফিসার অলক চাকমা বলেন, খবর পেয়ে বোয়ালখালী ও কালুরঘাটের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পল্টু কান্তি বড়ুয়া বলেন, আগুনে ইউনিট-২-এর ওয়েস্ট পেপার গোডাউনের একটি অংশে থাকা মূল্যবান যন্ত্রপাতি ও ক্যাবল পুড়ে গেছে। পাশাপাশি বেশ কিছু ওয়েস্ট পেপারও নষ্ট হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অতীশ চাকমা, বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরোয়ার, ফায়ার সার্ভিসের পরিদর্শক অর্জুন বাড়ৈ, কারখানার জিএম তারেক সিকদার, এসআই আলী আকবর ও এএসআই বেলায়েত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply