
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: দারিদ্র্য ও প্রতিকূলতাকে পেছনে ফেলে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ার হাট এলাকার কৃতি সন্তান মোঃ শরিফুল ইসলাম।
কৃষক পরিবারের সন্তান শরিফুলের বাবা মোঃ আঃ মজিদ সরকার একজন কৃষক। ছোটবেলা থেকেই মেধাবী শরিফুল ২০০৭ সালে পিইসি, ২০১০ সালে জেএসসি এবং ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করেন। তিনি গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন।
পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ২০২০ সালের অনার্স পরীক্ষায় মেধাক্রমে প্রথম ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন বঙ্গবন্ধু মেরিট স্কলারশিপ।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের সর্বশেষ অর্জন—সম্পূর্ণ ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে উচ্চশিক্ষার সুযোগ। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
কাইয়ার হাটের মাটি থেকে বেইজিংয়ের পথে শরিফুলের এই যাত্রা শুধু তাঁর পরিবারের নয়, পুরো গাইবান্ধার জন্য গর্বের। তাঁর সাফল্য প্রমাণ করে—স্বপ্ন, মেধা ও কঠোর পরিশ্রম থাকলে প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীও বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে পারে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply