
আশরাফুদ্দীন আল আজাদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, ধুনটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ওসি (তদন্ত) শুকুর আলী, উপজেলা মৎস্য অফিসের সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মধ্য দিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যচাষে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply