1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 10, 2026, 3:09 am

শোকের ছায়া নোয়াখালীতে: পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল উপসহকারী কৃষি কর্মকর্তা সুমনের

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 22 Time View

মিসেস চামেলী আক্তার প্রিয়া,নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট বাইপাস সড়কের রোহিতার পোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুর রহমান সুমন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও স্থানীয়রা দ্রুত গাড়িটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ৯টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সরকারি দায়িত্ব পালনকালে একজন নিবেদিতপ্রাণ কৃষি কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে কৃষি বিভাগ, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই এ দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com