
বিশেষ প্রতিনিধি:-মোঃ সুজন শেখ
ফরিদপুরের নগরকান্দায় সড়কে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল দুটি তরতাজা প্রাণ। সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই যুবক। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (৫ জুলাই) উপজেলার মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী একটি সাকুরা পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফাহিম মাতুব্বর (২৩)। গুরুতর আহত রফিকুল মাতুব্বর (২৫)-কে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল মাতুব্বর একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে। দুই প্রতিবেশী যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের কারণেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দোষীদের দ্রুত বিচার এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
আর কত প্রাণ ঝরলে সড়কে শৃঙ্খলা ফিরবে—এমন প্রশ্ন এখন এলাকাবাসীর।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply