মিসেস চামেলী আক্তার প্রিয়া বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে অন্তত ২৫টি পরিবার বাড়ি-ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। রাতারাতি বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। নতুন করে ভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে চরাঞ্চলের শতাধিক পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) গভীর রাত, আনুমানিক আড়াইটার দিকে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার বিশারপাড়া চর আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়। নদীর প্রবল স্রোতে আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের মধ্যে এক রাতেই অন্তত ২৫টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অনেকেই গবাদিপশু, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। ভাঙনের আতঙ্কে অনেকে এখনো নিজেদের ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত রয়েছেন।
ভাঙনে ক্ষতিগ্রস্ত আব্দুল আজিদ, আজম, আলম, মতিয়ার, নজরুল, হামিদ, লাল মিয়া, মোকলেছুর, শাহীন, আব্দুর রহিম, বক্কর, রশিদ, রুবিনা ও মনছুরসহ একাধিক পরিবার জানান, তারা সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, ওষুধ, ত্রাণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতি আহ্বান জানান তারা।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল কাজী বলেন, “হঠাৎ করেই নদীভাঙন শুরু হয়। এত দ্রুত ভাঙন হয়েছে যে অনেক পরিবার তাদের ঘরের আসবাবপত্র পর্যন্ত সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় আরও সহায়তার প্রয়োজন রয়েছে।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চিলমারীতে বন্যা পরিস্থিতিরও আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে চরাঞ্চলের মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, এখনই টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে চরাঞ্চলের শত শত একর ফসলি জমি এবং হাজার হাজার মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply