
নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর হোসাইন রবিন
নাশকতার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা; গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ নেতা, অন্যরা আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে পুলিশের দাবি
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এ অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অপর চারজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।
এদিকে, তদন্তে গ্রেপ্তারকৃতদের বিষয়ে আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, তারা মির্জাপুর উপজেলার স্থানীয় বাসিন্দা নন। পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনায় কথিত নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোড়াই এলাকার কয়েকটি পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply