
যশোর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন
ত্যাগী নেতাকর্মীদের দলে ফেরানোর গুঞ্জনে নতুন রাজনৈতিক সমীকরণ,সাংগঠনিক পুনর্গঠনের অপেক্ষায় তৃণমূল
যশোরের মণিরামপুরে নেতৃত্বের সংকট ও সাংগঠনিক স্থবিরতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে উপজেলা বিএনপি। শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বহিষ্কারাদেশ, পৌর বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের শারীরিক অসুস্থতার কারণে দলটির সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
দলীয় আচরণবিধি লঙ্ঘন, ব্যক্তিগত অপরাধসহ বিভিন্ন অভিযোগে অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির সামনের সারির কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি পৌর শাখার কমিটির কার্যক্রম স্থগিত থাকায় সাংগঠনিক পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজ ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টুর শারীরিক অসুস্থতা এবং ঢাকায় অবস্থানরত সাংগঠনিক সম্পাদক-১ মো. আবুবকর সিদ্দিকের অনুপস্থিতিতেও সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটি বড় অংশের দাবি, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও উৎসবমুখর হওয়ার কথা। অথচ শীর্ষ নেতাদের অনুপস্থিতি ও সাংগঠনিক সমন্বয়ের অভাবে প্রত্যাশিত গতি পাচ্ছে না দলীয় কার্যক্রম। এ নিয়ে নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উৎকণ্ঠা বাড়ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বহিষ্কৃত এবং ত্যাগী নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নড়াইল জেলার বহিষ্কৃত এক নেতার পদ পুনর্বহালের খবর ছড়িয়ে পড়েছে। পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থীসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর সম্ভাব্য তালিকার বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। ওই তালিকায় যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের নামও আলোচনায় এসেছে।
মণিরামপুরের রাজনৈতিক অঙ্গনে একসময় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শহীদ ইকবালকে ঘিরে নতুন করে রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। সম্প্রতি কয়েকটি দলীয় ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর সমর্থক নেতাকর্মীদের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ফলে তাঁর দলে ফেরা নিয়ে সমর্থকদের মধ্যে প্রত্যাশা ও উৎকণ্ঠা দুটোই বাড়ছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এখন মণিরামপুর বিএনপির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অতীতের রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও দলটির স্থানীয় কার্যালয় ও সাংগঠনিক তৎপরতা সচল রাখার যে নজির ছিল, বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে সাংগঠনিক বাস্তবতার তুলনা করছেন অনেকেই।
এ বিষয়ে অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন জানিয়েছেন, মণিরামপুর উপজেলা বিএনপির স্বার্থে, দলের কেন্দ্রীয় কমিটির প্রয়োজন এবং মণিরামপুরবাসীর সেবায় তিনি আবারও দলীয় পদ ও দায়িত্বে ফিরে কাজ করতে প্রস্তুত রয়েছেন।
সব মিলিয়ে মণিরামপুর বিএনপির সাংগঠনিক সংকট কাটাতে কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের বিষয়ে কী পদক্ষেপ আসে এবং সাবেক সভাপতি শহীদ ইকবাল আবারও নেতৃত্বে ফিরতে পারেন কি না—এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply