
নিজস্ব প্রতিবেদক: নিষাদ আহম্মেদ বিদ্যা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত উপেক্ষা করে অস্থায়ী মন্দিরের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মন্দির স্থানান্তর কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা সরেজমিনে ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের লেকের সর্বউত্তরের পূর্ব পাশে বাউন্ডারিসংলগ্ন স্থানে সম্পূর্ণ অস্থায়ী মন্দির স্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, ওই সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘কেন্দ্রীয় মন্দির ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেয় ইবি পূজা উদযাপন পরিষদ।
ওই স্থানে ইটের গাঁথুনি দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় নির্মাণকাজ দেখতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্টদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পাশাপাশি শিক্ষার্থীদের ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কোনো সিদ্ধান্ত বা বক্তব্য পাওয়া গেলে তা বিস্তারিতভাবে জানানো হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply