
সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে সদর উপজেলার বাঁশতলা এলাকার তরমুগরিয়া শাহজালাল বেকারির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম ও আনসার সদস্যদের একটি দল।
অভিযানে বেকারিটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং কীটপতঙ্গ দমনের যথাযথ ব্যবস্থা না থাকার বিষয়টি পাওয়া যায়।
এছাড়া, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা, মেঝেতে খাদ্যপণ্য রাখা এবং রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালানও প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা করা হবে বলেও সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply