
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি; আহমদ রেজা: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে চলমান স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
একই সঙ্গে এনটিআরসিএর পরিবর্তে পুনরায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনার যে কোনো উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বাকবিশিসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া হিসেবে এনটিআরসিএর কার্যক্রম বাতিল করে পুনরায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি শিক্ষাব্যবস্থার জন্য গভীর উদ্বেগের।
বাকবিশিস নেতারা বলেন, অতীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষমতা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে থাকায় অনেক ক্ষেত্রে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগ উঠত। এর ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব সমস্যা দূর করতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন ও নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএর কার্যক্রম শুরু করা হয়। সরকারি কর্ম কমিশনের আদলে লিখিত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচনের এই প্রক্রিয়া শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছে বাকবিশিস।
সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারের সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
বাকবিশিসের অভিযোগ, চলমান এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে পুনরায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে শিক্ষা খাতে পুরোনো অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের সুযোগ তৈরি হতে পারে। এতে মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের পরিবর্তে প্রভাবশালী মহলের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাকবিশিস।
একই সঙ্গে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরোনো ও প্রশ্নবিদ্ধ পদ্ধতিতে ফিরে যাওয়ার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply