
ক্যাম্পাস প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বেতাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বামীর দায়ের করা মামলায় মূল অভিযুক্ত আবুল কাশেমসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে নিহত ছফুরা আক্তার ও তার স্বামী ইসলাম উদ্দিন নিজ বসতঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে পূর্ব বিরোধের জেরে আবুল কাশেম ও তার সহযোগীরা ঘরে অনধিকার প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবুল কাশেম ধারালো অস্ত্র দিয়ে ছফুরা আক্তারের তলপেটের ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ছফুরা আক্তারের মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্বামী ইসলাম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল কাশেমকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং মূল আসামিসহ পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবির ক্যাপশন:
নেত্রকোনার বেতাটি এলাকায় ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মূল আসামিসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply