
মোল্লা জাহাঙ্গীর আলম: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
গত ১৩ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ জুলাই) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
কমিটির অন্য সহ-সভাপতিরা হলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান এবং রংপুরের কমিশনার আবদুল মাবুদ।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ এবং পুলিশ বিভাগের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে মতামত প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে কেএমপি কমিশনারের মনোনয়ন খুলনা অঞ্চলের জন্য একটি সম্মানজনক অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে কমিশনার পুলিশ বাহিনীর উন্নয়ন ও সদস্যদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবার মাধ্যমে প্রশংসা অর্জন করে আসছেন। ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ নগরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নতুন এই দায়িত্ব তার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply