
বশিরুল আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মানবিক প্রশাসন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মানোন্নয়নে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার সোমবার (০৭ জুলাই ২০২৬) জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করে বন্দিদের জীবনযাত্রার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং কারাগারের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দিদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি বন্দিদের অধিকার সংরক্ষণ এবং পুনর্বাসনমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, কারাগার কেবল শাস্তি কার্যকরের স্থান নয়; এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বন্দিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
জেলা প্রশাসকের এই পরিদর্শন কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টদের অভিমত। একই সঙ্গে প্রশাসনের নিয়মিত তদারকি সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply