
পরিদর্শন শেষে ইউএনও সৈয়দ শাফকাত আলী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। আলীকদমের একমাত্র শিশুপার্কটি শিশুদের জন্য আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পার্কের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শিশুরা যেন নির্বিঘ্নে খেলাধুলা ও আনন্দময় সময় কাটাতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
এর আগে গত ১৭ নভেম্বর ‘বরাদ্দের তথ্য থাকলেও বেহাল আলীকদমের একমাত্র শিশুপার্ক’ শিরোনামে বাংলা এডিশনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পার্কের জরাজীর্ণ খেলার সরঞ্জাম, ভাঙা সীমানাপ্রাচীর, ভেতরে গবাদিপশুর বিচরণ এবং স্থানীয় লোকজনের চলাচলের পথ হিসেবে পার্কটি ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়।
সরেজমিনে দেখা যায়, পার্কটিতে শিশুদের খেলার জন্য রয়েছে একটি দোলনা, একটি স্লাইড ও দুটি সিস-স। এসব সরঞ্জামের বেশির ভাগই পুরোনো ও মরিচা ধরা। দীর্ঘদিনের অবহেলায় সেগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া পেছনের বসতিতে যাতায়াতের জন্য সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে পথ তৈরি করা হয়েছে। অথচ পার্কের পাশেই রয়েছে চলাচলের সড়ক।
শিশুপার্ক সংস্কার ও খেলার সরঞ্জাম কেনার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দের তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। গত ২৬ আগস্ট ‘পার্বত্য সংলাপ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীমের নামে মোট ৬ টন চাল ও ৬ টন গম বরাদ্দের তথ্য তুলে ধরা হয়। ভিডিওতে বলা হয়, ইয়াকুব আলীর নামে পার্ক সংস্কারের জন্য ৩ টন চাল ও ৩ টন গম এবং মো. ইব্রাহীমের নামে খেলার সরঞ্জাম কেনার জন্য একই পরিমাণ চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইয়াকুব আলী ও মো. ইব্রাহীম দুজনই তাঁদের নামে বরাদ্দের বিষয়ে অবগত নন বলে জানান। বরাদ্দের বিপরীতে কী ধরনের কাজ করা হয়েছে, তা জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিভাগের উচাছে মার্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও কলেজশিক্ষক নুরুল সাফা ভূঁইয়া বাবু বলেন, শিশুপার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। আলীকদমের মতো পাহাড়ি এলাকায় শিশুদের বিনোদনের সুযোগ সীমিত। তাই একমাত্র পার্কটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
কলেজছাত্র সাখাওয়াত হোসেন ফাহিম বলেন, পার্কটি শিশুদের আনন্দ-বিনোদনের জন্য তৈরি করা হলেও বর্তমানে সেখানে গরু-ছাগল ঘুরে বেড়ায়। মানুষও চলাচলের পথ হিসেবে ব্যবহার করছে। দ্রুত পার্কটি সংস্কার করে শিশুদের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
আলীকদমে শিশুদের বিনোদনের জন্য বিকল্প কোনো পার্ক নেই। তাই নতুন ইউএনওর পরিদর্শন ও সংস্কারের আশ্বাসের পর স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পার্কটিকে শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে ফিরিয়ে আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬