
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে শিল্প পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায়ও কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করেন। এ ছাড়া শ্রীপুরের গিলারচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে।
অন্যদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাব পড়েছে কারখানাগুলোতে। বৃহস্পতিবার সেখানে ২৯টি কারখানা বন্ধ রয়েছে এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুনের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান প্রয়োজন।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর আলোচনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬