সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক আনোয়ার ইসলাম (২০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হকের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় চালকের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। পরে সিএনজিটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬