নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সড়কটির কাজ শেষ হওয়ায় এখন অপেক্ষা শুধু উদ্বোধনের। শিগগিরই সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় কলমাকান্দা-আরঅ্যান্ডএইচ ব্রিজ–উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–কেশবপুর বাজার সড়কের শূন্য থেকে ৪০০ মিটার অংশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পটির চুক্তিমূল্য ৭২ লাখ ৮৮ হাজার ৭৬ টাকা। গত ১৩ অক্টোবর নির্মাণকাজ শুরু হয় এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সক্ষম হন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
সড়কটি চালু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী রোগী, রোগীর স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী ও জরুরি চিকিৎসাসেবা নিতে আসা মানুষের যাতায়াত আরও সহজ হবে। এতে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও সুবিধা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানান, সড়কটি চলতি বছরের কোনো প্রকল্পের আওতাভুক্ত ছিল না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সড়কটির বেহাল অবস্থা তাঁর নজরে আসে। পরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে সড়কটি দ্রুত মেরামতের নির্দেশনা দেন।
তাঁর উদ্যোগে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করে সড়কটির নির্মাণকাজ শুরু করা হয়। বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কটি আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এখন সড়কটি উদ্বোধনের মাধ্যমে দ্রুত জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬