নিজস্ব প্রতিবেদক: মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা, ১৬ নভেম্বর ২০২৬, সোমবার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি ভাতাভোগীদের ফোন করে নানা অজুহাতে অর্থ দাবি করা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ০১৭৯৫-২৪৪৭৬৮ ও ০১৭১৯-৬৭৯০৪৩ নম্বরসহ বেশ কয়েকটি মোবাইল নম্বর থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি ভাতাভোগীর কাছে ফোন করা হচ্ছে। ফোনে প্রতারকরা নিজেদের দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এলাকাবাসীর উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার কখনোই ব্যক্তিগত কিংবা দাপ্তরিক প্রয়োজনে কাউকে ফোন করে অর্থ দাবি করেন না। তাই ইউএনওর নাম ব্যবহার করে কেউ টাকা চাইলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরিচিত বা সন্দেহজনক কোনো নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হলে কোনোভাবেই অর্থ প্রদান করা যাবে না। এ ধরনের ফোনকল পাওয়া মাত্রই বিষয়টি নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
এ ছাড়া প্রতারণার বিষয়ে নিশ্চিত হওয়া কিংবা কোনো অভিযোগ জানানোর প্রয়োজন হলে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন সরকারি ভাতাভোগীদের এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করুন। অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে অর্থ লেনদেন করবেন না। সচেতনতাই পারে প্রতারক চক্রের হাত থেকে আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদ রাখতে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬