
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের সংস্কার ও প্রশস্তকরণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার সড়কের এ সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৭৩ লাখ টাকা।
জানা গেছে, হাসপাতাল রোডটি চলতি বছরের কোনো উন্নয়ন স্কিমের অন্তর্ভুক্ত ছিল না। তবে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সড়কটির বেহাল অবস্থা দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে এলজিইডির প্রধান প্রকৌশলীকে সড়কটি দ্রুত মেরামতের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয় এবং সংস্কারকাজ শুরু হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, কলমাকান্দা-আরঅ্যান্ডএইচ ব্রিজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কেশবপুর বাজার পর্যন্ত সড়কের শূন্য থেকে ৪০০ মিটার অংশে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার ও প্রশস্তকরণ করা হচ্ছে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ৭ মিটার এবং পুরুত্ব ১৭৫ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৬ লাখ ৭১ হাজার ৬৫৯ টাকা। তবে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ লাখ ৮৮ হাজার ৭৬ টাকা ৫০ পয়সা। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে কাজ শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে কাজ শেষ করার নির্ধারিত সময় রয়েছে।
নেত্রকোনা এলজিইডির বাস্তবায়নে প্রকল্পটির ঠিকাদারি কাজ করছে খান ট্রেডার্স। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কলমাকান্দা উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
সংস্কারকাজ সম্পন্ন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়নের ফলে যানবাহন চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬