এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চাল কিনতে সংশ্লিষ্ট পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস সংলগ্ন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ সামাল দিতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচি চালু করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাকে চাল বিক্রি করা হবে। চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতি কেজি ৩০ টাকা দরে একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। এ জন্য নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে শ্রমিকের স্বাক্ষর নেওয়া হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।
চট্টগ্রামে নির্ধারিত ১০টি কেন্দ্রে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। কেন্দ্রগুলো হলো—বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে (লয়েল টেক্স লিমিটেড), অক্সিজেন রেলগেটের পাশে (কেডিএস ফ্যাশন লিমিটেড), দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে (প্রিয়ম গার্মেন্টস লিমিটেড), কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে (আজিম গ্রুপ, ওভেন ডিভিশন), বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে (বেইজ টেক্স লিমিটেড, ফোর এইচ গ্রুপ), বায়েজিদ রুবি গেটের সামনে (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে (দি নীড অ্যাপারেলস লিমিটেড), উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে (কাট্টলী টেক্সটাইল লিমিটেড), সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে (বিডি অ্যাপারেলস লিমিটেড) এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে (কেনপার্ক)।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬