
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রতিটি গ্রামীণ সড়ককে উপজেলা সদরের সঙ্গে সরাসরি সংযুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ আগ্রহ ও দূরদর্শী পরিকল্পনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের আওতায় কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের সব কাঁচা রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আইডিভুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামীণ জনপদের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব এবং কাঁচা রাস্তাগুলোকে পর্যায়ক্রমে পাকাকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আনার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আবেদনে যেসব তথ্য দিতে হবে
উপজেলার বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তা এলজিইডির আইডিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সচেতন নাগরিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপজেলা প্রকৌশলী বরাবর প্রয়োজনীয় তথ্যসংবলিত আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে—
১. ইউনিয়নের নাম ও ওয়ার্ড নম্বর।
২. রাস্তার নাম ও স্থানীয় পরিচিতি।
৩. রাস্তার শুরুর ও শেষ প্রান্তের নির্দিষ্ট স্থান।
৪. রাস্তার আনুমানিক দৈর্ঘ্য (কিলোমিটার অথবা মিটারে)।
উন্নত যোগাযোগব্যবস্থা গড়তে সহযোগিতার আহ্বান
কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা উন্নত করা, কৃষিপণ্য পরিবহন সহজ করা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পথ সুগম করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের জনকল্যাণমুখী এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের জনপ্রতিনিধি, সচেতন নাগরিক এবং সংশ্লিষ্ট এলাকাবাসীকে নিজ নিজ এলাকার কাঁচা রাস্তার সঠিক তথ্য সংগ্রহ করে উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬