
নিজস্ব প্রতিবেদক: মিসেস শরিফা আক্তার ময়না
বাংলাদেশের মরমি লোকসংগীতের কালজয়ী গান ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’-এর প্রকৃত গীতিকার ও সুরকার বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)। দীর্ঘদিন ধরে গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলেও গানটির স্রষ্টার পরিচয় অনেকের কাছেই অজানা ছিল। সম্প্রতি সংগীতশিল্পী, কবি ও সাংবাদিক আল হেলাল শিল্পী ফেরদৌস ওয়াহিদকে গানটির প্রকৃত স্রষ্টার পরিচয় তুলে ধরেন।
গত ৩১ অক্টোবর শনিবার রাত ৮টায় ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ একাধারে পাঁচটি গান পরিবেশন করেন। এ সময় সুনামগঞ্জের কবি, গীতিকার, সাংবাদিক ও বাউলশিল্পী আল হেলালের সঙ্গে তাঁর দ্বিতীয়বারের মতো পরিচয় ও সাক্ষাৎ হয়।
অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ ‘এমন একটা মা দেনা’ গানটি পরিবেশন করলে আল হেলাল তাঁর সঙ্গে কণ্ঠ মেলান। পরে মঞ্চে বসেই দুজনের মধ্যে সংগীত নিয়ে আলাপচারিতা হয়। একপর্যায়ে আল হেলাল ফেরদৌস ওয়াহিদকে প্রশ্ন করেন, ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটির প্রকৃত গীতিকার ও সুরকারের নাম তিনি জানেন কি না। প্রথমে না জানালেও পরে ফেরদৌস ওয়াহিদ জানতে চান, গানটির প্রকৃত স্রষ্টা কে।
জবাবে আল হেলাল জানান, গানটির প্রকৃত গীতিকার ও সুরকার হলেন বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)। এ সময় তিনি গানটির শেষাংশের ভনিতাও তুলে ধরেন—
“নিব আমি চিরবিদায়, আর না আসিবো ধরায়, যাবো চলে কামাল পাশায়, জনমের তরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।”
আল হেলালের দাবি, গানটির প্রচলিত পরিবেশনায় মূলত চারটি অন্তরা থাকলেও ফেরদৌস ওয়াহিদ বিভিন্ন মাধ্যমে তিনটি অন্তরা গেয়েছেন। তবে মূল গীতিকারের ভনিতাটি সাধারণত পরিবেশনায় উল্লেখ করা হয়নি। ফলে সময়ের ব্যবধানে গানটির স্রষ্টার পরিচয় আড়ালে থেকে যায়।
তথ্যসূত্রে জানা যায়, বাউল কামাল পাশার জন্ম সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁর পিতা মরমি কবি মো. আজিম উদ্দিন ওরফে টিয়ার বাপ। ১৯৩৭ সালের পর ভাটিপাড়ার প্রখ্যাত জমিদার খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী আসাম প্রাদেশিক পরিষদের সদস্য থাকাকালে তাঁর সঙ্গে ভারতের শিলং, কলকাতা ও গৌহাটিসহ বিভিন্ন এলাকায় অবস্থান করেন আজিম উদ্দিন। বাবার সঙ্গে এসব এলাকায় যাতায়াতের সুবাদে বাউল কামাল পাশাও ছোটবেলা থেকেই বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান এবং লোকসংগীতের চর্চা ও পরিবেশনায় যুক্ত হন।
‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’, ‘দিলকী দয়া হয় না’ ও ‘প্রেমের মরা জলে ডোবে না’সহ বেশ কয়েকটি জনপ্রিয় মরমি গান তাঁর রচনা বলে জানা যায়। ভারতের কলকাতা ও আসাম অঞ্চলের পাশাপাশি তৎকালীন পূর্ববঙ্গের বিভিন্ন জেলায় মালজোড়া গানের আসরে এসব গান পরিবেশন করতেন তিনি। পালাগানের শেষ রাতে বিদায়ের গান হিসেবেও ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ পরিবেশন করা হতো।
লোকগীতি সংগ্রাহক আল হেলাল জানান, ১৯৮২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামের ফকিরবাড়িতে বার্ষিক ওরস অনুষ্ঠানে তিনি বাউল কামাল পাশার শিষ্য বাউল মজনু পাশাকে গানটি গাইতে দেখেছেন। তখনই তিনি গানটির সঙ্গে কামাল পাশার ভনিতার পরিচয় পান।
এ ছাড়া ২০১৬ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘জল জোছনার সুর’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ অঞ্চলের লোকসংগীত সংগ্রহ ও সংরক্ষণের কাজ করা হয়। ওই প্রকল্পে বাউল কামাল পাশার ২০৬টি গান রেকর্ড করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের তত্ত্বাবধানে সংগৃহীত গানগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাঠানো হয়। তালিকার ৫৯ নম্বর গান হিসেবে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ পরিবেশন করেন বাউল মোশাহিদ ভান্ডারী।
২০২০ সালের ১৮ জানুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি পরিবেশন করেন সুনামগঞ্জের প্রখ্যাত বাউলশিল্পী রুকশানা ভান্ডারী।
একই বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ‘সুরের বাংলা’ অনুষ্ঠানে বাউল কামাল পাশার পাঁচটি গান প্রচারিত হয়। অঞ্চলভিত্তিক লোকসংগীত নিয়ে নির্মিত ওই অনুষ্ঠানে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটি পরিবেশন করেন তাঁর জন্মস্থান দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাউলশিল্পী রুহেল মিয়া তালুকদার।
আল হেলালের দেওয়া তথ্যমতে, বাউল কামাল পাশার একই সুরে রচিত আরেকটি গান হলো ‘কেনবা ভবেতে আসিলাম’। গানটির শেষাংশেও কামাল পাশার নামের ভনিতা রয়েছে। এ দুটি গানের সুর ও রচনাশৈলী তাঁর সংগীতসৃষ্টির পরিচয় বহন করে।
উল্লেখ্য, বাউল কামাল পাশা ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর অনেক গানই প্রচারের আড়ালে চলে যায়। তবে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটি নতুন করে জনপ্রিয়তা লাভ করে। অন্যদিকে আল হেলালসহ স্থানীয় লোকসংগীত গবেষক ও সংগ্রাহকদের প্রচেষ্টায় গানটির প্রকৃত স্রষ্টার পরিচয় নতুন করে আলোচনায় এসেছে।
বাংলাদেশের মরমি লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণ এবং গীতিকার-সুরকারদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের গান সংগ্রহ, গবেষণা ও প্রামাণ্য তথ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬