
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগ, সহযোগিতায় ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাব
রাজধানীর গাবতলীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের খাদ্যসংকট নিরসনে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC) ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গাবতলী হাব (পথশিশুদের স্কুল) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত গাবতলী হাব স্কুলে প্রায় ৭০ জন পথশিশু লেখাপড়া করে। বিদেশি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে এসব শিশু খাদ্যসংকটে ভুগছে। বিষয়টি জানার পর তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কিংবা বেসরকারিভাবে নিয়মিত বাজেট বা অর্থায়নের ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী শিশুদের খাবারের ব্যবস্থা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ক্ষুধার কারণে কোনো শিশুর পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া কাম্য নয়। অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়, বরং সমাজের বিত্তবান ও সচেতন প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মামুন। তিনি বলেন, বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেড এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব যেভাবে অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। শিশুদের কল্যাণে তহবিল সংগ্রহের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
স্বাগত বক্তব্যে কর্মসূচির উদ্দেশ্য ও সংগঠনের কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। তিনি বলেন, ২০২০ সাল থেকে তাঁর সংগঠন এসব শিশুর কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের নিজস্ব অর্থায়নে শিশুদের খাবার, পোশাক, শীতবস্ত্র, চিকিৎসা ও খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করাই তাঁদের সংগঠনের অন্যতম লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি এ মান্নান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম, ঢাকা নিউজ ও নিরাপদ ঢাকার সম্পাদক মো. আতাউর রহমান, শারমিন আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী দিনে শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় শতাধিক মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস প্রতিদিন এসব অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাবতলী হাব স্কুলের কো-অর্ডিনেটর মাকসুদা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পথশিশুদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬