
চট্টগ্রামে জনসচেতনতা কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের আশপাশের দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেন রিজভী। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। এর আগে সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান তিনি।
বিতরণ করা লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফুলের টব, ডাব ও নারকেলের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন এবং বাসার ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহারের কারণে ঢাকার তুলনায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যুর হার কম বলে তিনি উল্লেখ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও স্বচ্ছ পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক, বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬