
মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গা পৌর বাজারের তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই চন্দ্র তামেলী ও তাঁর স্ত্রী চন্দনা রানীর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের বিচার এবং পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতারণার শিকার ব্যক্তি ও বিভিন্ন এনজিওর কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আত্মগোপন করেছেন ওই দম্পতি। তাঁদের মধ্যে অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে স্বর্ণালংকার কিনে অভিযুক্তদের দিয়েছিলেন। এখন ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ ঘটনায় নলডাঙ্গার কুটুরীপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (৩৮) বাদী হয়ে নাটোরের আমলি আদালত ও পাবনার আমিনপুর থানায় পৃথক মামলা করেছেন বলে জানা গেছে। মামলার অভিযোগে নিমাই চন্দ্রের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা নেওয়া এবং পাওনা টাকা চাইতে গেলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নিমাই চন্দ্রসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরতের দাবি জানান।
তবে অভিযুক্ত নিমাই চন্দ্র তামেলী ও তাঁর পরিবারের বক্তব্য জানতে ভাড়া বাসা ও দোকানে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, তিনি ঘটনাটি মৌখিকভাবে জেনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
মোবাইল: ০১৭৮৪-০৩০৬৬৭
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬