নলছিটি ঝালকাঠি প্রতিনিধি: ঢাকায় অটো চালানোর সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার ইছাপাশা মল্লিক বাড়ির বাসিন্দা মো. হানিফ মল্লিক (৫৬)। বুধবার (৪ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় গ্রীন লাইন পরিবহনের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সুরমা পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোচালক হানিফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জের পাঠানো ফ্যাক্স বার্তায় দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন (৩৪) বাদী হয়ে সোনারগাঁ থানায় এজাহার দায়ের করেন। ঘটনার দিন বাসচালককে আটক করা হয়। পরে ৩ নভেম্বর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাঁচপুর হাইওয়ে থানা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।
হানিফ মল্লিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইছাপাশা মল্লিক বাড়িসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তার মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের মাতম চলছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬