
নিজস্ব প্রতিবেদক: বাবলু বড়ুয়া
দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিযানটি শেষ হয়। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে ২১২টি অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এসব অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৬১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।
নৌবাহিনী জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় সাতটি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
এ ছাড়া সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ইলিশের প্রধান প্রজননক্ষেত্রগুলোতে টহল জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে মাছ আহরণ ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬