
মিসেস নাজমা আক্তার, তাহিরপুর প্রতিনিধি, সুনামগঞ্জ | ২২ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার লাউড়েরগড়-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. বাশির (৩৭) ও মো. মোসাদ্দের (৪২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নদীর তীর থেকে বালু উত্তোলনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৬০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে তাহিরপুর থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
তাহিরপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, যাদুকাটা নদীর তীর সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে নদীর তীর কেটে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এতে নদীর তীরের ভাঙন ও পরিবেশগত ক্ষতি রোধে সহায়তা মিলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬