
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি:
যশোর জেলা বিএনপি কার্যালয়ে চালু হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
শহরের লালদীঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে তিনি মনে করেন। অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে কি না, তা তাঁর জানা নেই। যশোর জেলা বিএনপির এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে জেলা বিএনপি কার্যালয়ে ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে কার্যালয়ের ছাদে আরও একটি প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যা প্রায় তিন ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। এ ছাড়া উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী গ্রীষ্মের আগে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যশোরসহ দক্ষিণাঞ্চলের সেচপাম্পগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
জেলা বিএনপি কার্যালয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কার্যালয়ের বিদ্যুতের চাহিদা পূরণে স্থাপিত প্যানেলটি যথেষ্ট হবে। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬