
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
‘এসো বিজ্ঞান শিখি, বিজ্ঞান চর্চা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা-২০২৬। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীদের একটি সুসজ্জিত স্কাউট দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় প্রদর্শিত বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্প ও শিক্ষা উপকরণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিউল হাবিবসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
মেলায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্পের পাঁচটি এবং শিক্ষা উপকরণের ১০টি স্টল রয়েছে।
বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্পের উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ‘ভাসমান বায়োগ্যাস প্ল্যান্ট’ এবং ‘সোলার পাওয়ার্ড স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ড্রেনেজ সিস্টেম’। এ ছাড়া শিক্ষা উপকরণের স্টলে প্রদর্শিত হচ্ছে ‘আদর্শ শিক্ষা নগরী’ ও ‘সততা স্টোর’সহ বিভিন্ন শিক্ষামূলক উপকরণ।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিজ্ঞানচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল উপহার দেওয়া হয়। অন্যদিকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, নতুন ধারণা উদ্ভাবনে উৎসাহ দেওয়া এবং ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬